নিজস্ব প্রতিবেদক
বরিশালের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেছেন, “ঈদের আনন্দ যেন কোনোভাবেই ম্লান না হয়—সড়কপথের নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সড়ক ও নৌপথে যাত্রীদের ইদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ তৎপর থাকতে হবে। মানুষ ঈদের কেনাকাটা শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন—এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা এবং সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে বাস মালিক সমিতিকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রতিটি যানবাহনে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশও দেন জেলা প্রশাসক। সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে প্রশাসন ও হাইওয়ে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে জানান তিনি। পাশাপাশি যানবাহনের গতিসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ, ওভারটেকিং প্রবণতা বন্ধ এবং মহাসড়কে ছোট গাড়ি, থ্রিহুইলার ও রিকশা চলাচল বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। দূরপাল্লার যানবাহনে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ‘মলম পার্টি’ বা ‘অজ্ঞান পার্টি’র খপ্পর থেকে যাত্রীদের রক্ষায় বাসের সুপারভাইজারের মাধ্যমে মোবাইলে যাত্রীদের ছবি ধারণের নির্দেশনা প্রদান করা হয়। নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চের ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বহন না করার নির্দেশ দেন জেলা প্রশাসক। রাতের বেলা নদীতে বাল্কহেড, স্পিডবোট ও মাছ ধরার জাল ফেলা বন্ধ রাখতে নৌপুলিশসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ঈদের আনন্দ নির্বিঘ্ন রাখতে রাতের বেলা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, ঈদ উপলক্ষে দূর-দূরান্ত থেকে মানুষ শপিংমল ও বিপণিবিতানে কেনাকাটার জন্য ভিড় করেন। এ সময় আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট জনভোগান্তি সৃষ্টি ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।