মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

জ্বালানি সংকট মোকাবেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোড় দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সংকট মোকাবেলায় দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায় সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়ায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় স্থাপিত বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বরিশালে ইতোমধ্যে ৮১টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। উদ্যোক্তাদের কেউ ঋণ নিয়ে, আবার কেউ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এসব প্লান্ট স্থাপন করেছেন। বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

তিনি বলেন, গরুর গোবরের তুলনায় হাঁস-মুরগির বিষ্ঠা থেকে বেশি গ্যাস উৎপন্ন হয়। বায়োগ্যাসের মাধ্যমে রান্নার জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের বিষয়েও সরকার কাজ করছে। এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদে, প্রায় ৪০ বছর পর্যন্ত গ্যাস ও বিদ্যুৎ সুবিধা ব্যবহারের সুযোগ পাওয়া যেতে পারে।

আমিনুল হক বলেন, বায়োগ্যাস নিজে ব্যবহার করার পাশাপাশি উদ্বৃত্ত গ্যাস অন্যদের কাছে বিক্রি করেও আয় করা সম্ভব। যুবসমাজকে স্বাবলম্বী করতে সরকার প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিচ্ছে। দক্ষ ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগের পাশাপাশি বর্তমানে ৮৩টি প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে একজন যুবক বা যুব নারী নিজের এবং পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে পারবেন। বায়োগ্যাস প্রকল্পের মাধ্যমেও যুবক ও নারীদের স্বাবলম্বী করতে সরকার কাজ করছে।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক মো. মোস্তাক উদ্দিন, সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।

অনুষ্ঠান শেষে আটজন উদ্যোক্তার মধ্যে মোট ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন সানজিদা রহমান, মনীষা আক্তার, তানজিলা আক্তার রূপা, শিরিন জাহান ঝুমা, ঝুমুর আক্তার, হ্যাপি আক্তার, জহিরুল ইসলাম ও মেহেদী হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. শহিদুল ইসলাম। বায়োগ্যাস প্রকল্পের স্বত্বাধিকারী শাহে আলম জানান, চার মাস আগে তিনি প্রকল্পটি চালু করেন।

নিজের বাসার জ্বালানির চাহিদা পূরণের পর আশপাশের আরও চারটি বাসায় গ্যাস সরবরাহ করছেন। প্রকল্পটি বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তর সার্বিক সহযোগিতা করেছে। এদিকে, একই দিন বিকেলে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

 

আরো পড়ুন

দেশের প্রতি উপজেলায় একটি করে স্টেডিয়াম হবে : ক্রীড়ামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বিসিসি প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *