মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন ধরা’র কলাপাড়া উপজেলা সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ সংগঠক তানজিল জামান জয়, নজরুল ইসলাম, নাজমুস সাকিব ও শিক্ষার্থী সাব্বিরসহ অন্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ কোনো দয়া নয়, এটি ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে উন্নত দেশগুলো দীর্ঘদিন ধরে মুনাফা অর্জন করলেও বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও ফসলহানির বড় বোঝা বহন করছেন কৃষক, শ্রমজীবী মানুষ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জনগণ।
তাঁরা বলেন, জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নতুন ঋণের বোঝায় না ফেলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং অধিক দূষণকারী দেশগুলোর কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসার, পরিবেশ সুরক্ষা ও সাশ্রয়ী জ্বালানির নিশ্চয়তা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, ভূমিহীন মানুষের খাসজমির অধিকার, কৃষকের ফসলের ন্যায্যমূল্য, উৎপাদন ব্যয় হ্রাস, স্থানীয় বীজের সুরক্ষা এবং পরিবেশবান্ধব কৃষি নিশ্চিত করতে হবে। নারী কৃষকের শ্রম ও জমির অধিকার এবং আদিবাসী জনগোষ্ঠীর প্রথাগত ভূমির অধিকারও স্বীকৃতি দিতে হবে।
দাবি বাস্তবায়নে কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের ঐক্য ও সম্মিলিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।