রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিনঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক কিশোরকে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে সেলিম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সবুজ তার ছেলে মোঃ নিয়াদ (১৪)-এর ওপর সংঘটিত এ ঘটনার অভিযোগ এনে একই এলাকার সেলিমকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে ভুক্তভোগী কিশোরটি বাড়ির সামনে অবস্থিত ভূইয়াগো মিলঘর সংলগ্ন একটি দোকানে চা খেতে যায়। এ সময় অভিযুক্ত সেলিম তাকে ডেকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রথমে কথাবার্তার কথা বলে কিশোরটিকে সেখান থেকে নিয়ে গিয়ে রাত প্রায় ৯টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের দেওয়ান বাড়ির দিঘীর পশ্চিম পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোরটির ওপর জোরপূর্বক শারীরিক নির্যাতন চালানো হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী কিশোরটি কোনোভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে এসে পুনরায় দোকানে ফিরে যায় এবং উপস্থিত লোকজনকে বিষয়টি জানায়। পরে সে তার বাবাকে পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার পরপরই তিনি বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পরামর্শ ও সামাজিক পরিস্থিতির কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সুষ্ঠু তদন্ত শেষে তদন্ত ফলাফল বিজ্ঞ আদালতে দাখিল করা হবে।
এদিকে, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় সচেতন মহল অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই এ ধরনের অপরাধ দমন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।