শনিবার, জুন ১৩, ২০২৬

বরিশালে মানব পাচার মামলায় দুই আসামিকে পৃথক ধারায় ৩১ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : বরিশালে মানব পাচার মামলায় দুই আসামিকে পৃথক ধারায় ৩১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি উভয়কে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশালের মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ সোহেল আহমেদ সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস.এম সরোয়ার হোসেন বলেন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান মামলায় প্রধান আসামি জাকির হোসেন মন্টুকে পৃথক ধারায় ১৭ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই মামলায় অপর আসামি ড্রিম সাকসেস ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে পৃথক ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ ডিসেম্বর ভুক্তভোগী বরিশাল সদর উপজেলার নয়ানী এলাকার আসমত আলী শরীফের ছেলে রিপন শরীপের কাছ থেকে প্রথম দফায় অর্থ গ্রহণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে মোট প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা নেওয়া হয়। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামিরা প্রতারণা করে। পরে ২০২৩ সালের মার্চ মাসে ভুক্তভোগীকে দুবাই নেওয়া হলেও সেখানে প্রতিশ্রুত চাকরি না দিয়ে বিপাকে ফেলে রাখা হয়। সর্বশেষ ২০২৩ সালের ১ জুন রাত আনুমানিক ১টার দিকে তিনি দেশে ফিরে আসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল বন্দর থানার এসআই অভনু দে রনি ২০২৪ সালের ২৯ এপ্রিল দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

 

আরো পড়ুন

মুলাদীতে সেতু নির্মাণের কাজ করায় ভূমি মালিকদের মানববন্ধন

ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলার তালুকদারহাটে ভূমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণের কাজ করায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *