নিজস্ব প্রতিবেদক।।
নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল নগরীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
৩০ মে শনিবার বেলা সাড়ে ১১ টায় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি যেভাবে দেশ পরিচালনা করে গেছেন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে অনুসরন করে কাজ করে যাচ্ছেন৷ এর মাধ্যমে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে জানান তিনি। পরে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ নুরুল আমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, যুবদল নেতা এইচএম তসলিম উদ্দিন ও মামুন রেজা, দক্ষিণ জেলা জাসাসের আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে সকালে বিএনপির দলীয় কার্যালয়ে কালো ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকেলে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।