বুধবার, জুলাই ২২, ২০২৬

বাজেট প্রণয়নে নগরবাসীর মতামত নিল বরিশাল সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো বাজেট প্রণয়নের আগে সরাসরি নগরবাসীর মতামত গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন উপলক্ষে বুধবার (২২ জুলাই) বিকেলে নগর ভবনের সভাকক্ষে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক ব্যতিক্রমী মতবিনিময় সভার আয়োজন করে বরিশাল সিটি কর্পোরেশন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে কোনো প্রশাসন বা মেয়র বাজেট প্রণয়নের আগে সাধারণ নাগরিকদের মতামত জানার উদ্যোগ নেননি। এবারই প্রথম নগরবাসী তাদের প্রত্যাশা, সমস্যা ও পরামর্শ সরাসরি তুলে ধরার সুযোগ পেলেন।

বক্তারা বর্তমান প্রশাসকের গত চার মাসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বাড়াতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নাগরিক সেবাগুলো আরও সহজ ও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. লোকমান হাকিম, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, সচিব রুম্পা শিকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজাসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া রাজনৈতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, এ. করিম আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রেজা মো. নুরুল হক, ড্যাব বরিশাল জেলার সভাপতি ডা. কবিরুজ্জামান, পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, শেবাচিমের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম, সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ শিকদার, মীর জাহিদুল কবির, আ ন ম সাইফুল আহসান আজিম, মো. ইউনূস মিয়া, হুমায়ুন কবির, মাইনুল ইসলাম, অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম ও মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, নাসিমুল কবির, মো. হুমায়ুন কবির, মুরাদ আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। এছাড়াও বিসিসির বিভিন্ন শাখার কর্মকর্তা, পেশাজীবী, বুদ্ধিজীবী এবং নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

সভার সমাপনী বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নাগরিকদের উত্থাপিত পরামর্শ, দাবি ও সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি বাস্তবমুখী, স্বচ্ছ ও নাগরিকবান্ধব বাজেট প্রণয়ন করা হবে। তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে অংশগ্রহণমূলক পরিকল্পনা ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই বর্তমান প্রশাসনের লক্ষ্য।

আরো পড়ুন

উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্র যাত্রা : কৃতি শিক্ষার্থীকে মোয়াজ্জেম হাওলাদারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাওয়ার প্রাক্কালে কৃতি শিক্ষার্থী ইসরাত জাহান নিসাকে শুভেচ্ছা জানিয়েছেন কামারখালী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *