বুধবার, আগস্ট ৫, ২০২৬

ছাত্রদলের সাবেক নেতার মুক্তি দাবিতে ভোলায় সড়ক অবরোধ

ভোলা প্রতিনিধি : ভোলায় কোস্টগার্ডের হাতে গ্রেফতার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সহ-সভাপতি মো. জাকির হোসেন ফরাজির মুক্তি দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার সমর্থকরা।

বুধবার (৬ মে) দুপুরে ভোলা- চরফ্যাশন আঞ্চলিক সড়কের বাংলাবাজারে টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে তারা। এসময় ওই রুটে যান চালাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) মধ্যরাতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা জাকির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি কোস্টগার্ডের।

কোস্ট গার্ড জানায়, আটক মো. জাকির হোসেন ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা। তিনি একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মঙ্গলবার বিকেলে ভোলা সদর থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। কোস্টগার্ড বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। জাকিরকে আনার সময় তার অনুসারীরা বিক্ষোভ মিছিল করে থানা অবরোধের চেষ্টা চালায়। বুধবার জাকিরকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে দ্বিতীয় দিন বাংলাবাজারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

অন্যদিকে জাকিরের অনুসারীরা তাকে নির্দোষ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাই জাকিরের মুক্তির দাবিতে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভোলা সদর থানার পরির্দশক (তদন্ত) মো জিয়াউদ্দিন জানান, স্থানীয় লোকজন সড়কে অবস্থান করার পর খবর পেয়ে ভোলা সদর থানা ও দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন। বর্তমানে ভোলা-চরফ্যাশন রুটে যান চলাচল স্বভাবিক রয়েছে।

আরো পড়ুন

‎পিরোজপুরে ইউনিয়ন সভাপতি উপরে উপজেলা যুবদল সেক্রেটারি শামীমের নেতৃত্বে হামলা

‎‎নিজস্ব প্রতিবেদক :  ২ আগস্ট রবিবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়ন জমায়াতের সভাপতি নাসির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *