নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ৩১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছে বরিশাল জেলা পুলিশ। শনিবার (২৬ জুলাই) জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও আইসিটি শাখার উদ্যোগে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইলগুলো মালিকদের কাছে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ভুক্তভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলাউল হাসান।
জেলা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও আইসিটি শাখার ধারাবাহিক প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান বলেন, একটি মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এর সঙ্গে মানুষের প্রয়োজনীয় তথ্য, গুরুত্বপূর্ণ নথি, পারিবারিক স্মৃতি ও আবেগ জড়িয়ে থাকে। হারানো মোবাইল প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে পারা পুলিশের জন্যও একটি মানবিক দায়িত্ব এবং বড় প্রাপ্তি।
বরিশাল জেলা পুলিশ সুপার এ, জেড, এম. মোস্তাফিজুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে জনগণের সেবা ও আস্থা অর্জনে জেলা পুলিশের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে বলেও জানানো হয়।
মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় সেটি ফিরে পেয়ে তারা আনন্দিত ও স্বস্তি বোধ করছেন।
বরিশাল জেলা পুলিশ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জনগণের হারানো সম্পদ উদ্ধারে এবং জনসেবার মানোন্নয়নে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।