রবিবার, জুলাই ২৬, ২০২৬

অপরাধের ছোবলে নিরাপত্তাহীন বরিশাল, ছয় মাসে ৩১ খুন

ফাহিম ফিরোজ : খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক, চুরি-একটির পর একটি অপরাধে যেন ভারী হয়ে উঠছে বরিশালের জনজীবন। মাস পেরোতেই বাড়ছে অপরাধের সংখ্যা, অথচ অপরাধ দমনে দৃশ্যমান সাফল্য নেই বলে অভিযোগ সাধারণ মানুষের। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও নানা উদ্যোগের দাবি থাকলেও অপরাধের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ফলে জনমনে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থাপিত পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে বরিশাল জেলা ও মহানগর এলাকায় ৩১টি খুন, ৭৯টি ধর্ষণ, ২৭৮টি নারী ও শিশু নির্যাতন, ১৩৮টি চুরি ও সিঁধেল চুরি, ৬৩৮টি মাদকসংক্রান্ত অপরাধসহ মোট ২ হাজার ১৪১টি অপরাধ সংঘটিত হয়েছে। প্রতি মাসেই অপরাধের চিত্র উদ্বেগজনক।

জানুয়ারিতে ২৭৫টি অপরাধের মধ্যে ছিল ৬টি খুন, ১৭টি চুরি ও সিঁধেল চুরি, ৩৬টি নারী ও শিশু নির্যাতন, ১১টি ধর্ষণ, ৩টি ডাকাতি এবং ৮১টি মাদকসংক্রান্ত মামলা।

ফেব্রুয়ারিতে মোট ২৬৮টি অপরাধের মধ্যে ছিল ৩টি খুন, ১৮টি চুরি, ৩৪টি নারী ও শিশু নির্যাতন, ১০টি ধর্ষণ এবং ৫৫টি মাদকসংক্রান্ত ঘটনা।

মার্চে অপরাধ বেড়ে দাঁড়ায় ৩৪৭টিতে। এ মাসে ৬টি খুন, ৩৩টি চুরি, ৩১টি নারী ও শিশু নির্যাতন, ৮টি ধর্ষণ এবং ১০৬টি মাদকসংক্রান্ত অপরাধের তথ্য উঠে আসে।

এপ্রিলে মোট ৩৯২টি অপরাধের মধ্যে ছিল ৫টি খুন, ২৯টি চুরি, ৫২টি নারী ও শিশু নির্যাতন, ১৬টি ধর্ষণ এবং ১০৪টি মাদকসংক্রান্ত ঘটনা।

সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা যায় মে মাসে। এ মাসে মোট ৪৫৮টি অপরাধ সংঘটিত হয়। এর মধ্যে ছিল ৬টি খুন, ২৩টি চুরি, ৭১টি নারী ও শিশু নির্যাতন, ২০টি ধর্ষণ এবং ১৫৮টি মাদকসংক্রান্ত অপরাধ।

জুনে অপরাধ কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ মাসে ৪০১টি অপরাধের মধ্যে ছিল ৫টি খুন, ১৮টি চুরি, ৫৪টি নারী ও শিশু নির্যাতন, ১৪টি ধর্ষণ এবং ১৩৪টি মাদকসংক্রান্ত অপরাধ।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, নারী ও শিশু নির্যাতনের ঘটনা মে মাসে সর্বোচ্চ ৭১টিতে পৌঁছায়। একই মাসে ধর্ষণের ঘটনাও সর্বোচ্চ ২০টি এবং মাদকসংক্রান্ত অপরাধ ১৫৮টি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আইনজীবী এস. এম. সরোয়ার হোসেন বলেন, “অপরাধের সংখ্যা ক্রমাগত বাড়ছে। শুধু মামলা নিলেই হবে না, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধ আরও বাড়বে।”

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাবসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নারী ও শিশু নির্যাতন, মাদক ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

অপরাধ বিশ্লেষকদের মতে, কেবল অভিযান পরিচালনা করলেই হবে না; অপরাধ সংঘটনের মূল কারণ চিহ্নিত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, দ্রুত বিচার, মাদক নিয়ন্ত্রণ এবং কমিউনিটি পুলিশিং জোরদার করা জরুরি। অন্যথায় বরিশালে অপরাধের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা তাদের।

আরো পড়ুন

দৌলতখানে এমপি’র ঐচ্ছিক তহবিলের অনুদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান ভোলা প্রতিনিধি : ​ভোলা-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *