ফরিদ আহমেদ, নেছারাবাদ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে পিরোজপুরের নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। জিডি নং ১১১৫, এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ৭ নং গুয়ারেখা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাসেদুল ইসলাম (৪৫) নেছারাবাদ থানায় উপস্থিত হয়ে এই জিডি দায়ের করেন। জিডি সূত্রে জানা যায়, উপজেলার ৭নং গুয়ারেখা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুল হোসেনের বড় ছেলে অভিযুক্ত দ্বীন মুহাম্মদ (৩০) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বেগম খালেদা জিয়া এবং অন্য একটি রাজনৈতিক ছবির সমন্বয়ে একটি পোস্ট আপলোড করেন।
উক্ত পোস্টের ক্যাপশনে বেগম খালেদা জিয়াকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য করা হয়। এই ধরনের বক্তব্য দেশের একজন সম্মানিত সাবেক প্রধানমন্ত্রীর সম্মানহানি করার পাশাপাশি সামাজিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। ভবিষ্যতে এই ফেসবুক আইডি থেকে জাতীয়তাবাদী দল বিএনপির বড় ধরনের ক্ষতিরও আশংকা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জিডি দায়ের শেষে মো. রাসেদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া দেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও একটি শীর্ষ রাজনৈতিক দলের অভিভাবক। তাঁর বিরুদ্ধে ফেসবুকে এমন কুরুচিপূর্ণ ও অপপ্রচারমূলক মন্তব্য কোনোভাবেই সহ্য করার মতো নয়।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষী ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে আইনি আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।” নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনা নিশ্চিত করে জানান, জিডিটি গ্রহণ করা হয়েছে। সাইবার অপরাধ সংক্রান্ত এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সত্যতা মিললে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।