সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহাজিড়া এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ইয়াবাসহ এক অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত প্রায় ১০টার দিকে শাহাজিরা মৃধা বারির সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম স্বপন বেপারী। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সরিকল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদ মৃধা, বরিশাল জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মহিদুল ইসলাম (সুমন) মৃধা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইদ্রিস হাওলাদার এবং সরিকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা এনামুল হক খোকার নেতৃত্বে প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের সহযোগিতায় স্বপন বেপারীকে আটক করা হয়। পরে তাকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রির অভিযোগ ছিল। এ কারণে এলাকার তরুণ সমাজ মাদকের ঝুঁকিতে পড়ছিল বলে তারা দাবি করেন। একাধিকবার সতর্ক করার পরও অভিযোগ অনুযায়ী তিনি মাদক ব্যবসা থেকে বিরত না হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে বরিশাল জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মহিদুল ইসলাম (সুমন) মৃধা, বলেন, “মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের সবচেয়ে বড় শত্রু। রাজনৈতিক পরিচয় নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা স্থানীয় মানুষের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। মাদক, জুয়া ও সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা ও আইনানুগ প্রতিরোধ অব্যাহত থাকবে।”
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।