শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক

গণসংযোগ মাসে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে: মাওলানা জহির উদ্দিন বাবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচিকে সফল ও কার্যকর করতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

শুক্রবার (২৮ আগস্ট) বরিশাল মহানগরীর কাউনিয়া থানার একটি অডিটোরিয়ামে ইউনিট দায়িত্বশীল ও অগ্রসর কর্মীদের নিয়ে আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামের শান্তি, ন্যায়, ইনসাফ, মানবিকতা ও কল্যাণের বাণী পৌঁছে দেওয়া। তাই গণসংযোগ মাসকে শুধুমাত্র একটি সাংগঠনিক কর্মসূচি হিসেবে না দেখে ব্যাপকভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি বলেন, সমাজের এমন কোনো শ্রেণি-পেশার মানুষ যেন বাদ না পড়ে, যাদের কাছে ইসলামের সৌন্দর্য ও কল্যাণের বার্তা পৌঁছানো প্রয়োজন। মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলে তাদের কথা শুনতে হবে, তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং সুন্দর আচরণ ও উত্তম চরিত্রের মাধ্যমে ইসলামের আদর্শকে তুলে ধরতে হবে। মানুষের হৃদয় জয় করার জন্য দায়িত্বশীলদের কথার চেয়ে তাদের আমল, আখলাক ও বাস্তব কর্মই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল শুধু সংগঠনের একটি দায়িত্ব পালনকারী ব্যক্তি নন; বরং তিনি ইসলামী আদর্শের একজন প্রতিনিধি। তাঁর কথা, কাজ, আচার-আচরণ, ব্যক্তিজীবন ও মানুষের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্য প্রকাশ পেতে হবে। সমাজের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যায়, অবিচার, অনৈতিকতা ও বৈষম্যের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মহানগরী আমীর বলেন, গণসংযোগ কার্যক্রমকে ফলপ্রসূ করতে হলে প্রতিটি ইউনিটকে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করতে হবে। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে দায়িত্বশীলদের আরও সক্রিয় ও সৃজনশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করতে দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। তৃণমূল পর্যায়ে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার জন্য প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষের প্রয়োজন ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইসলামী আন্দোলনের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে হবে।

মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর আরও বলেন, দায়িত্বশীলদের নিয়মিত শিক্ষা, প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে সময়ের উপযোগী করে গড়ে তুলতে হবে। জ্ঞানার্জনের পাশাপাশি ব্যক্তিগত আমল, তাকওয়া, নৈতিক চরিত্র ও দায়িত্বশীলতার উন্নয়ন ঘটাতে হবে। সাংগঠনিক দায়িত্ব পালনে নিষ্ঠা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে। নিজেদের সংশোধনের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য যোগ্য ও আদর্শবান কর্মী হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের মানুষের কাছে ইসলামের আদর্শ তুলে ধরার পাশাপাশি নিজেদের জীবনে সেই আদর্শের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য, প্রজ্ঞা, উত্তম আচরণ ও আন্তরিকতা অবলম্বন করতে হবে। মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে তাদের কল্যাণে কাজ করতে হবে। তাহলেই গণসংযোগ কর্মসূচি একটি সফল ও অর্থবহ উদ্যোগে পরিণত হবে।

কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ। দায়িত্বশীল শিক্ষা বৈঠকে কাউনিয়া থানার আওতাধীন বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিগণ এবং আমন্ত্রিত ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য, সাংগঠনিক কার্যক্রমের মানোন্নয়ন, কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচি বাস্তবায়ন, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, আত্মশুদ্ধি, নিয়মিত জ্ঞানার্জন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা আগামী সেপ্টেম্বর মাসের গণসংযোগ কর্মসূচিকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা, পরিকল্পনা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *