রিয়াজ ফরাজী: ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং খেলাধুলাকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ভিডিও ও অডিও সম্প্রচারের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে বোরহানউদ্দিনেও আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, ‘নতুন কুঁড়ি আসরের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পায়। এতে তাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, পাশাপাশি মানসিক বিকাশ ঘটে এবং মন-মানসিকতা ইতিবাচক ও সুন্দর হয়ে ওঠে।’
তিনি বলেন, শিশু-কিশোরদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।
এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্যে খেলাধুলার বহুমাত্রিক গুরুত্বও উঠে আসে। তিনি মনে করেন, নতুন প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক মনোভাব নিয়ে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাই একসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাব আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশ্রাফ আলী সবুজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের মতে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর অন্যতম উদ্দেশ্য হলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে খেলাধুলাকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সম্মানজনক পেশা ও ভবিষ্যৎ জীবনের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার এমন আয়োজন তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক হবে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর, সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির প্রত্যাশা নিয়ে বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর এই আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।