মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

নেছারাবাদে সেহরি শেষে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক নিমিষেই শেষ দিনমজুর পরিবারের সবকিছু

নেছারাবাদ প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলী আহমেদ (৭৫) নামে এক বৃদ্ধের বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের রুস্তম মহাজন বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পরিবারটির প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ মো: আলী আহমেদ জানান, ভোর রাতে ছেলে-বউ ও নাতিসহ সবাই সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় শেষে ঘুমিয়ে পড়েন।

হঠাৎ বিছানার পাশে তীব্র গরম অনুভব করে জেগে উঠে দেখেন ঘরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাণ বাঁচাতে তিনি নাতি ও পুত্রবধূকে ডেকে দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্র, রমজানের জন্য আনা বাজারসহ প্রয়োজনীয় সব সামগ্রী।

“আমরা এখন কিভাবে বাঁচব?”—এ কথা বলতে বলতেই তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। দিনমজুর ছেলে মো:হাসান জানান, সেহরি শেষে তিনি সকালে কাজে বের হন। কিছুক্ষণ পর মোবাইলে খবর পান তাদের ঘরে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে যায় জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, বাজারসদাই, কিছু স্বর্ণালংকার, জামাকাপড় ও লেপ-তোশক।

তিনি বলেন, “আমাদের এখন কিছুই অবশিষ্ট নেই। আমরা এক কাপড়ে আছি।” প্রতিবেশী মো: রফিক মিয়া জানান, আগের রাতেই ধার করে রোজার বাজার এনেছিলেন হাসান, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় বিএনপি নেত্রী নিলুফা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনি বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিএনপি নেতা মৃত্যুঞ্জয় মিস্ত্রী বলেন, “রমজানের পবিত্র মাসে যেখানে থাকার কথা ছিল স্বস্তি ও প্রস্তুতির আবহ, সেখানে এই পরিবারটির জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা।

মানবিক দৃষ্টিকোণ থেকে সবার এগিয়ে আসা প্রয়োজন।”বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেছারাবাদ স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

দৌলতখানে ১২ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত ২ শ্রমিক গ্রেফতার

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী দৌলতখান (ভোলা) ভোলার দৌলতখানে ১২ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *