বাউফল প্রতিনিধিঃ
বাউফলকে মাদক ও সন্ত্রাসমুক্ত আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার
পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ, এমপি।
রোববার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং তা আরও উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পটুয়াখালী জেলা ও বাউফল উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা ও সহযোগীদের বিরুদ্ধেও আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং হয়রানি বন্ধে ‘মিথ্যা মামলা’ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয়। ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ড. শফিকুল ইসলাম মাসুদ, এমপি বলেন, “বাউফলসহ পুরো পটুয়াখালী জেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। একটি সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও জননিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।