নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “গণতন্ত্র ছাড়া বাংলাদেশের প্রকৃত মুক্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোই দেশকে এগিয়ে নিতে পারে।”
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বরিশাল নগরীর সার্কিট হাউজে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, “এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং দেশকে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের দিকে নিয়ে যাবে।”
তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির প্রতি আগ্রহ বাড়ছে, যা ইতিবাচক লক্ষণ হলেও শিক্ষা ও খেলাধুলার পাশাপাশি সুষম অংশগ্রহণ জরুরি।
মেজর হাফিজ বলেন, “বাংলাদেশের স্বাধীনতা এসেছে রাজনৈতিক চেতনা থেকে। আবার যখনই স্বৈরশাসন এসেছে, তখনই ছাত্র-যুবকরা রাজপথে নেমে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে,”।
গত ১৬ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে স্পিকার বলেন, জনগণ ও ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ‘গৌরবময় অধ্যায়’ রচনা করেছে। এ ধারা অব্যাহত থাকলে দেশের গণতান্ত্রিক ভিত্তি আরও মজবুত হবে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, “রাজনীতি এখন মানুষের সচেতনতা বাড়াচ্ছে। সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে বেশি অবগত হচ্ছে। গণতন্ত্রের প্রতি মানুষের আগ্রহ ও আস্থা বেড়েছে—এটি দেশের জন্য ইতিবাচক বার্তা।”
স্পিকার জোর দিয়ে বলেন, গণতন্ত্রের বিকাশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি আইনের শাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ তার বক্তব্যে বরিশালে কাটানো শৈশবের স্মৃতিচারণ করে বলেন, এই অঞ্চলের মানুষের সঙ্গে তার আবেগের সম্পর্ক রয়েছে।
এর আগে বরিশাল সার্কিট হাউজে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি তার নির্বাচনী এলাকা ভোলার উদ্দেশে রওনা দেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।