শনিবার, জুন ১৩, ২০২৬

বরিশালে চাঁদাবাজির প্রতিবাদ করায় কৃষকদল নেতার পরিবারে নৃশংস হামলা: মা-ছেলেসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডের পলাশপুর এলাকায় চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় এক কৃষকদল নেতার স্ত্রী ও সন্তানসহ অন্তত তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ৮ নং গুচ্ছগ্রাম সংলগ্ন শাকিলের দোকানের সামনে এই বর্বর হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক আনোয়ার মাঝির ছেলে তারেক এবং তার বন্ধু হাসানকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। তাদের রক্ষায় এগিয়ে এলে আনোয়ার মাঝির স্ত্রী রাশিদা বেগমও হামলার শিকার হন।
হামলায় গুরুতর আহত তারেক ও হাসানকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের গভীর ক্ষত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রাশিদা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের স্বজন ও স্থানীয়দের দাবি, ঘটনার সূত্রপাত দুই-তিন মাস আগে। এলাকার নুরু নামে এক দিনমজুরের কাছে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মিঠু ও তার ভাই মাসুম এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। নুরু বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকদল নেতা আনোয়ার মাঝিকে জানালে তিনি এর প্রতিবাদ করেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম উভয় পক্ষকে নিয়ে মিমাংসা করে দিলেও মিঠু ও মাসুম গ্রুপ আনোয়ার মাঝির পরিবারের ওপর ক্ষোভ পুষে রাখে। এরই জেরে বৃহস্পতিবার রাতে তারেক ও হাসানকে একা পেয়ে মিঠু, মাসুম, মৃদুল, অপু ও রাকিবসহ প্রায় ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল রামদা, ছেনাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
ভুক্তভোগী আনোয়ার মাঝি অভিযোগ করে বলেন:
আমরা আগে থেকেই হামলার আশঙ্কা করে কাউনিয়া থানাকে বিষয়টি অবগত করেছিলাম। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ থাকলে আজ আমার পরিবারকে এভাবে রক্তাক্ত হতে হতো না।
এদিকে, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং মামলা দুর্বল করার উদ্দেশ্যে হামলাকারীদের অন্যতম অভিযুক্ত মাসুম নিজেকে ‘আহত’ দাবি করে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
কাউনিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু করার আশ্বাস দিয়েছে।

আরো পড়ুন

চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *