নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরীতে পৃথক অভিযানে ৬৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এর মধ্যে মহানগর পুলিশের নিয়মিত অভিযানে ১৯৭ পিস ইয়াবাসহ চারজন এবং কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে বিএমপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৬ অক্টোবর মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলায় তিনজন, অন্যান্য আইনে চারজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ওই দিনের অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, একই দিন রাতে কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের মতাসার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. সাকিব হাওলাদার (২৭) ও মো. রাকিবুল ইসলাম (৩২)। তাঁরা দুজনই বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন মতাসার এলাকার বাসিন্দা। কাউনিয়া থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিএমপি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।