সোমবার, জুলাই ২৭, ২০২৬

প্রবীণ আলেম ও জামায়াত নেতা অধ্যক্ষ মোস্তফা কামালের ইন্তিকাল

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : ভোলার প্রবীণ আলেম, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল(৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৯ এপ্রিল) দুপুর ২টা ১২ মিনিটে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে ভোলা জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মাওলানা মোস্তফা কামাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-৪ আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী ছিলেন। তিনি দ্বীনি শিক্ষা বিস্তার, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং সামাজিক সংগঠন গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, “মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)। রাব্বুল কারীমের সাথে তার এই সাক্ষাৎ রহমত, মাগফিরাত এবং তার আমলের ওপর সীমাহীন বরকতময় হোক।”

তিনি আরও দোয়া করে বলেন, আল্লাহ তাআলা মরহুমকে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের জন্য সবরে জামিল কামনা করেন।

মরহুমের জানাযার প্রথম নামাজ রোববার বিকেল ৫টায় ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার ভোলা শহর ও চরফ্যাশনে তার জানাজা শেষে তাকে দাফন করা হবে ।

মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন ও অবদান স্মরণ করে সর্বস্তরের মানুষ তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বেহেশতবাস কামনা করেন।

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *