বরিশালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সভা
নিজস্ব প্রতিবেদক
শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। এদিন রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি ও শিশু অধিকার দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী অংশ নেন।
বরিশালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশালের জেলা প্রশাসক মো: মামুন খন্দকারসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সুস্থ বিকাশ ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশ শিশু একাডেমির দীর্ঘ ৫০ বছরের পথচলা, শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও সৃজনশীল বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চর্চায় উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।
সভায় শিশুদের অধিকার রক্ষা, শিশুশ্রম, বাল্যবিয়ে, সহিংসতা ও বৈষম্য থেকে শিশুদের সুরক্ষা এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ২০২৬ সালের অক্টোবরেই প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্ণ হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।