শনিবার, জুন ১৩, ২০২৬

আনিতা হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তারের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, মহিলা ফোরামের জেলা শাখার অর্থ সম্পাদক সালমা নাছরিন, সদস্য ইসমত আরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. ইমরান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সাইমুন এবং হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় শাখার সংগঠক নাজলা আক্তারসহ অনেকে।
বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল নগরীর মুনশি গ্যারেজ এলাকায় মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে বি.এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতার লাশ উদ্ধার করা হয়। তারা অভিযোগ করেন, হিমুর সঙ্গে সম্পর্ক থাকলেও পূর্বের একটি হত্যার অভিযোগ জানার পর আনিতা সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়।
বক্তারা আরও দাবি করেন, অতীতে একটি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নতুন করে আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা বিচারহীনতার সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। দেশে নারী নির্যাতনের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় এসব অপরাধে উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
সমাবেশ থেকে অবিলম্বে অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুসহ সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরো পড়ুন

মুলাদীতে সেতু নির্মাণের কাজ করায় ভূমি মালিকদের মানববন্ধন

ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলার তালুকদারহাটে ভূমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণের কাজ করায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *