মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বানারীপাড়ায় ব্রিজে এপ্রোচ সড়ক না থাকায় চরম জনদুর্ভোগ

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধারালিয়া সরদার বাড়ি (বিটার বাড়ি) সংলগ্ন ব্রিজটি এখন স্থানীয়দের জন্য আশীর্বাদের চেয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক (এপ্রোচ) না থাকায় যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলেও চরম বিঘ্ন ঘটছে।
​সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজটির মূল কাঠামো দাঁড়িয়ে থাকলেও দুই পাশে পর্যাপ্ত মাটি ভরাট করা হয়নি। ফলে খাড়া ঢাল বেয়ে উঠতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের জন্য এই ব্রিজটি পার হওয়া এখন রীতিমতো দুঃসাধ্য হয়ে পড়েছে।
কৃষিপ্রধান এই অঞ্চলে কৃষিপণ্য পরিবহনেও কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। ধারালিয়া এলাকার সর্বস্তরের জনগণ জানান, ব্রিজটি নির্মাণের ফলে আমাদের যাতায়াতের একটা বড় সুযোগ তৈরি হলেও এপ্রোচ সড়ক না থাকায় সেই সুফল মিলছে না। ভ্যান, রিকশা বা জরুরি প্রয়োজনে কোন যানবাহন প্রবেশের কোনো সুযোগ নেই এখানে।
বর্ষার আগে এই দুই পাশে দ্রুত মাটি ভরাট না করলে বৃষ্টি শুরু হলে ভোগান্তি আরও কয়েক গুণ বেড়ে যাবে। ​৫নং সলিয়াবাকপুর ইউনিয়নসহ ধারালিয়া এলাকার বাসিন্দাদের এখন সময়ের দাবি— দ্রুততম সময়ের মধ্যে ব্রিজের দুই প্রান্তে মাটি ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করা হোক।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী জনসাধারণ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশা করছেন, জনস্বার্থে অতি দ্রুত এই ব্রিজের এপ্রোচ সড়ক নির্মাণ করে এলাকায় নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

আরো পড়ুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : গণদাবি পূরণে ব্যর্থ হওয়ায় বিএনপি সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : জহির উদ্দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *