খান আব্বাস:
বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকা থেকে নিখোঁজ হওয়া এ আর এস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়ার সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের ৯ দিন পর আজ শনিবার (৯ মে) সকালে ঢাকার এক আত্মীয়র বাসায় তার অবস্থান নিশ্চিত করা হয়েছে। তবে উদ্ধার হলেও মুনিয়ার নিখোঁজ হওয়া এবং ফিরে আসার পেছনে দানা বাঁধছে নানা রহস্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১১টার দিকে মুনিয়ার মায়ের মোবাইলে ঢাকা থেকে এক আত্মীয়র ফোন আসে। তারা জানান, মুনিয়া সকালে তাদের বাসায় পৌঁছেছে। এরপর মুনিয়ার সাথে পরিবারের কথা হলে সে জানায়, গত ৯ দিন সে বরিশালেই তার এক বান্ধবীর বাসায় ছিল এবং আজ সকালে ঢাকা গিয়েছে।
মুনিয়ার বক্তব্যে বাবা-মায়ের প্রতি চরম ক্ষোভ ও অভিমান প্রকাশ পেয়েছে। সে এখনই বরিশালে ফিরতে রাজি নয়। এদিকে মুনিয়ার ব্যক্তিগত ডায়েরি ও চিরকুট পর্যালোচনা করে পরিবারের ধারণা, এই নিখোঁজ হওয়ার পেছনে কোনো প্রেমঘটিত কারণ থাকতে পারে।
তবে মুনিয়ার বাবা-মায়ের দাবি ভিন্ন। তারা জানান, আমরা মুনিয়াকে সবসময় সর্বোচ্চ আদরে বড় করেছি। পড়াশোনার জন্য ওর বাবা মাঝে মাঝে একটু শাসন করতেন, কিন্তু সেই সামান্য কারণে একটা মেয়ে ৯ দিন নিখোঁজ থাকতে পারে-এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।
ঘটনার শুরু থেকেই বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। শিক্ষার্থীর সন্ধান পাওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।
তিনি সংবাদ মাধ্যমকে জানান, শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে এটি অত্যন্ত ইতিবাচক সংবাদ। যেহেতু বিষয়টি নিয়ে থানায় জিডি হয়েছে, তাই আমরা আইনি প্রক্রিয়ায় তাকে ঢাকা থেকে উদ্ধার করে নিয়ে আসব। সে কার কাছে ছিল এবং কেন গিয়েছিল, তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।