নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল শেষে শহর থেকে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে জেলা যুবদলের আহবায়ক মারুফ হাসান। আটককৃত শামীম সিকদার (৩৮) পিরোজপুর পৌরসভার ব্রাহ্মনকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।
(৭ মে) শুক্রবার সকাল ৬টার দিকে মিছিল শেষে ধাওয়া করে শামীমকে আটক করা হয়। এর আগে সকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ১০-১৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেয়। পরবর্তীতে খবর পেয়ে জেলা যুবদলের আহবায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলটি ধাওয়া দিলে সবাই পালিয়ে যায়। তবে পালিয়ে যেতে ব্যর্থ হয় শামীম। এরপর তাকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করে মারুফ হাসান।
মারুফ হাসান জানান, মিছিল করার সময় মিছিলকারীরা বর্তমান সরকারের বিরুদ্ধে শহরে নাশকতা করার চেষ্টা করছিল। শামীমকে আটকের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান। তিনি বলেন, আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।