নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী আগস্ট মাসেই চালু হতে যাচ্ছে বরিশাল শিশু হাসপাতাল। হাসপাতালটির কার্যক্রম শুরুর প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়া উদ্দিন হায়দার।
সোমবার (১ জুন) দুপুরে বরিশাল নগরীর আমানতগঞ্জে অবস্থিত শিশু হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় হাসপাতালের অবকাঠামো, জনবল, চিকিৎসা সরঞ্জাম ও সেবার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত হাসপাতালটি চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ড. জিয়া উদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল নির্মিত হয়েছে। এসব হাসপাতাল অনেক আগেই চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। বিগত সরকার অবকাঠামো নির্মাণে যতটা গুরুত্ব দিয়েছে, হাসপাতালগুলোতে কীভাবে কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে সে বিষয়ে ততটা মনোযোগ দেওয়া হয়নি। তবে বর্তমান সরকার এসব হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাগীয় শহরগুলোর শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী আরও জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বরিশাল শিশু হাসপাতাল পরিচালনার জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছেন। পরিকল্পনায় হাসপাতালটির বিভিন্ন বিভাগ, চিকিৎসাসেবার ধরন, প্রয়োজনীয় জনবল, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, একই মডেলে দেশের অন্যান্য বিভাগীয় শিশু হাসপাতালগুলোও পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে আগামী আগস্ট মাসের শুরুতে বরিশাল শিশু হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। পরবর্তীতে পর্যায়ক্রমে হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা চালু করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিরা।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা মনে করছেন, শিশু হাসপাতালটি চালু হলে বরিশাল বিভাগে শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী রোগীর চাপও অনেকাংশে কমে আসবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।