শনিবার, জুন ১৩, ২০২৬

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২ জুন) গভীর রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত সাইয়েদুল আবেদিন বরগুনার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা। তিনি তার স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে প্রায় ২০ দিন আগে কুয়াকাটায় এসে পাঞ্জুপাড়া এলাকার একটি সেমি-পাকা বাসায় ভাড়া থাকছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। রাতের খাবারের পরও তাদের মধ্যে বিরোধ চলতে থাকে। একপর্যায়ে সাইয়েদুল তার স্ত্রীকে ঘরের বাইরে যেতে বলেন এবং নিজে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও দরজা না খোলায় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি মহিপুর থানায় জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুল আবেদিনকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরো পড়ুন

চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *