জাকির হোসেন : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে সোহরাব জমাদ্দার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব জমাদ্দার সোনাখালী গ্রামের মৃত হাসেম জমাদ্দারের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন সোহরাব। পরে স্থানীয় লোকজন তাকে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহরাব জমাদ্দারের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।