বুধবার, জুলাই ২৯, ২০২৬

সরকারি হাতেম আলী কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থী বরণ

উৎসবমুখর পরিবেশ ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ঐতিহ্যবাহী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। নবাগত শিক্ষার্থীদের কলেজ জীবনের নতুন যাত্রাকে স্মরণীয় করে তুলতে কলেজজুড়ে ছিল আনন্দঘন ও প্রাণবন্ত আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আনসার আলী এবং ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক নজমুল হক। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্ব স্ব বিভাগের আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিভাগীয় শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সাদর অভ্যর্থনা জানান। ফুলের সুবাস, উচ্ছ্বাস আর হাসিমুখে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান বলেন, “শিক্ষার লক্ষ্য কেবল সনদ অর্জন নয়; বরং নিজেকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সেই লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”
তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও বিভিন্ন ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়ে নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। মনে রাখতে হবে, আজকের নবীনরাই আগামী দিনের দেশ ও জাতি গঠনের কারিগর।”
অনুষ্ঠানে ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চায় উদ্বুদ্ধ করেন এবং কলেজ জীবনের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানের একপর্যায়ে অধ্যক্ষ মহোদয় বিভিন্ন বিভাগ পরিদর্শন করে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কলেজ জীবনের জন্য শুভকামনা জানান। পরিচয়পর্ব ও মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিভাগ ও ভবিষ্যৎ শিক্ষাজীবন সম্পর্কে প্রয়োজনীয় ধারণা লাভ করে।
আলোচনা, পরিচয়পর্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় বর্ণাঢ্য এই নবীন বরণ অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ নতুন উদ্যম ও প্রত্যাশা নিয়ে শুরু করল নতুন শিক্ষাবর্ষের পথচলা।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *