ফরিদ আহমেদ, নেছারাবাদ : নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ মৃত্যু বরণ করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের মিয়ারহাটের সনামধন্য বেপারি বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। উপজেলা বিএনপির নেতা – কর্মী ও পারিবারিক সূত্রে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, ওয়াহিদুজ্জামান ওহিদ ছাত্রদলের মাধ্যমে নিজের রাজনৈতিক ক্যরিয়ার শুরু করেন।
পরবর্তীতে তিনি যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করেন। ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সভাপতি, ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত স্বরূপকাঠি থানা ছাত্রদলের সভাপতি এবং ১৯৯২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত স্বরূপকাঠি থানা যুবদলের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেন।
পাশাপাশি তিনি নেছারাবাদ রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন শোক প্রকাশ করে বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদের ইন্তেকালে আমরা বিএনপির এক নিবেদিত প্রাণ হারালাম। পিরোজপুর জেলাসহ নেছারাবাদ বিএনপির প্রচার – প্রসারে এবং সংগঠনকে শক্তিশালী, মজবুত ও গতিশীল করার পিছনে তার অবদান অবিস্মরণীয়। আমরা তার মৃত্যুতে মর্মাহত ও শোকাহত। জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান শোকবার্তায় বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ জাতীয়তাবাদী শক্তির একজন নিবেদিত প্রাণ।
জেলা বিএনপি একজন দক্ষ সংগঠককে হারালো। দলে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এদিকে ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে পিরোজপুরসহ নেছারাবাদ বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয়- স্বজন, বন্ধু – বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।