নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল এবং আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন, ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু ত্যাগ করার যে আদর্শ, তা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং ইনসাফভিত্তিক ইসলামী সমাজ গঠনে কোরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, ঈদ ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির প্রতীক। সমাজে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বজায় থাকলে একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বরিশাল নগরীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক, মানবিক এবং নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি জাতীয় বাজেটের সমালোচনা করে অ্যাডভোকেট হেলাল বলেন, বর্তমান সরকারের ঘোষিত বাজেট জনমুখী হয়নি। এতে সাধারণ মানুষের চেয়ে সুবিধাভোগী গোষ্ঠী বেশি লাভবান হবে। নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি সরকারের প্রতি জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ওয়ার্ড সেক্রেটারির সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, কোতয়ালী দক্ষিণ থানা আমীর তারিকুল ইসলাম, কোতয়ালী উত্তর থানা নায়েবে আমির অধ্যাপক গোলাম গোফরান, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ্যাডভোকেট সালাউদ্দিন মাসুমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগি, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।