সোমবার, জুন ১৫, ২০২৬

বরিশালে বাড়ছে অপরাধ প্রবণতা, এক মাসেই ৬ খুন, ২০ ধর্ষণ

ফাহিম ফিরোজ : বরিশালে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধ প্রবণতা। হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধে অস্থির হয়ে উঠছে নগর ও গ্রামাঞ্চল। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের অভাব এবং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা না থাকায় তাদের দুঃসাহস আরও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সর্বশেষ মাসিক সভায় উপস্থাপিত অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত মে মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের আওতাধীন ১৪টি থানায় মোট ৬টি হত্যাকাণ্ড এবং ২০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একই সময়ে সংঘটিত হয়েছে অসংখ্য নারী ও শিশু নির্যাতনের ঘটনা, মাদক সংক্রান্ত শতাধিক মামলা এবং বিভিন্ন ধরনের অপরাধ।

পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন এলাকায় মে মাসে মোট ১৯১টি অপরাধের ঘটনা রেকর্ড হয়েছে। এর মধ্যে ১৩টি ধর্ষণ, ২১টি নারী ও শিশু নির্যাতন, ৭৬টি মাদক মামলা, ৮টি চুরি, ৪টি সিঁধেল চুরি, ১টি অপহরণ, এবং ২টি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া অন্যান্য অপরাধের ঘটনাও উল্লেখযোগ্য সংখ্যায় ঘটেছে।

অন্যদিকে বরিশাল জেলা পুলিশের আওতাধীন ১০ থানায় মে মাসে মোট ২৬৭টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৪টি হত্যা, ৭টি ধর্ষণ, অর্ধশতাধিক নারী ও শিশু নির্যাতন, ৮২টি মাদক মামলা, ৫টি চুরি, ৬টি সিঁধেল চুরি, ২টি অপহরণ, ১টি অস্ত্র মামলা এবং ১টি পুলিশ আক্রান্তের ঘটনা রয়েছে।

সব মিলিয়ে মে মাসে বরিশাল মহানগর ও জেলার ১৪ থানায় মোট ৪৫৮টি অপরাধের ঘটনা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৬টি হত্যা, ২০টি ধর্ষণ, ৭১টি নারী ও শিশু নির্যাতন, ১৫৮টি মাদক সংক্রান্ত মামলাসহ বিভিন্ন অপরাধ সংঘঠিত হয়েছে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, মাদক ব্যবসা ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেশি। একই সঙ্গে হত্যা, ধর্ষণ ও সম্পদবিরোধী অপরাধ বৃদ্ধির প্রবণতা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। তারা অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সচেতন নাগরিকদের মতে, পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয়; এর পেছনে রয়েছে অসংখ্য পরিবার ও ভুক্তভোগীর কান্না। তাই অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে, অন্যথায় বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন

দুধ-সে‌ভেন আপ দি‌য়ে গোসল ক‌রে ব্রা‌জিল থে‌কে আর্জেন্টিনায় যোগদান

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *