মামুন-অর-রশিদ : থেমে থেমে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস উপেক্ষা করে শনিবার (১৮ জুলাই) বরিশাল নগরীর হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা আগের সমাবেশের উপস্থিতিকেও ছাড়িয়ে গেছে। সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লঞ্চ, ট্রলার, বাসসহ বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে নেতা-কর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে আসতে থাকেন। দুপুর ১২টার মধ্যেই ঈদগাহ মাঠ পূর্ণ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার সময় নগরীর কাকলী মোড়, লঞ্চঘাট, বরিশাল ক্লাব এলাকা এবং চাঁদমারী পর্যন্ত মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অতিরিক্ত ভিড়ের কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং পথচারীদেরও চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এর আগে, নির্দলীয় অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ২ ডিসেম্বর বরিশালের বেলস পার্ক মাঠে জামায়াত-চরমোনাই জোটের উদ্যোগে ৮ দলীয় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
পরবর্তীতে ওই জোট ১২ দলে সম্প্রসারিত হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বরিশালে চরমোনাইয়ের কেন্দ্রীয় অবস্থানের কারণে ওই অঞ্চলে দলটির সাংগঠনিক শক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই একটি ধারণা প্রচলিত ছিল। তবে এবারের ১১ দলীয় সমাবেশে উপস্থিতির চিত্র সেই ধারণা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। এবার অংশগ্রহণকারীর সংখ্যা আগের সমাবেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
সমাবেশে অংশ নিতে ভোলা থেকে আসা সালেহ মুসা বলেন, “চরমোনাই ছাড়া জামায়াত আরও শক্তিশালী—এবারের সমাবেশে সেটিই প্রমাণ হয়েছে। আগে ১২ দল মিলে যে উপস্থিতি দেখাতে পারেনি, এবার ১১ দল তা দেখিয়েছে।” ঝালকাঠির নলছিটি থেকে আসা আব্দুর রহমান বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর জামায়াতের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। এবারের সমাবেশে মানুষের উপস্থিতি তারই প্রতিফলন।”
১৮ জুলাই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ১১ দলীয় প্রধান ও সম্পাদকরা উপস্থিত থেকে তাদের বক্তব্য তুলে ধরেন।
সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।