নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন :
সরকারের পক্ষ থেকে আগামী অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচনের সময় ঘোষণার পরপরই চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার পদপ্রার্থীদের তৎপরতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন জিন্নাগড় ইউপি পরিষদের চেয়ারম্যান-মেম্বার পদপ্রার্থীরা মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন। চায়ের আড্ডায়,দেখা-সাক্ষাতে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। জুমার নামাজে বিভিন্ন মসজিদে স্থানীয় মুসল্লীদের সাথে অংশগ্রহণ, নারী পুরুষসহ ভোটারদের দ্বারস্থ হয়ে ইউনিয়নের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টারীঙে তারা নিজেদের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন। নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও যারা ভোট প্রাপ্তির আশায় মাঠে ঘুরে বেড়াচ্ছেন। তাদের মধ্যে ডজনখানেক প্রার্থীর ভীড়ে ভোটাররা হিসেব-নিকেশ মেলানোরও চেষ্টা করছেন এখন থেকেই।
সরকারী দল বিএনপির থেকে নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চিন্তা-ভাবনা থাকলেও ৪ নং জিন্নাগড় ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী প্রায় এক ডজন প্রার্থী। তারা সবাই ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেছেন মাঠে-ময়দানে। এ ইউনিয়নে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে যারা আলোচনায় আছেন তারা হলেন জিন্নাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহে এমরান ভূঁইয়া, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আব্বাস কাজী, উপজেলা বিএনপি নেতা শাহাবুদ্দিন সবুজ, ইউনিয়ন যুবদলের সভাপতি জামালউদ্দীন ভেণ্ডার, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আসাদুল ইসলাম বাধন, উপজেলা শ্রমিকদল নেতা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের নেতা মিরাজ মুন্সী, ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা জিয়া পরিষদের সাবেক প্রচার সম্পদাক ইমাম হোসেন রাজু ও উপজেলা ছাত্রদলের নেতা রায়হান হাওলাদার ।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সালেহউদ্দিন। ইসলামি আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হলেও এখনও চুড়ান্ত করা হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব প্রার্থীদের মধ্যে অর্ধ ডজন প্রার্থী মাঠে-ময়দানে ছুটে বেড়াচ্ছেন।
সম্ভাব্য প্রার্থীরা সকলেই ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করবেন। বিশেষ করে সকল ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ বিদ্যুৎসহ নানা ধরনের উন্নয়নের। এবং অধিকার বঞ্চিত সকলের অধিকার নিশ্চয়তা পাবেন। ভোটাররা এসব সম্ভাব্য প্রার্থীদের প্রতিশ্রুতি ও বিগত দিনের কর্মকাণ্ডের হিসেব মেলাচ্ছেন। কার মাধ্যমে তাদের কাঙ্খিত উন্নয়ন হবে? কয়েকজন ভোটার জানান, আমরা সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তি ইমেজ, সততা, নিষ্ঠা, এলাকার উন্নয়নের ব্যাপারে তাদের আন্তরিকতার প্রতি নজর রাখছি।
রাজনীতি সচেতন ব্যক্তিবর্গের মতে, সরকারি দল বিএনপির পক্ষ একক সমর্থিত প্রার্থী ঘোষণা করা হলে ভোটারদের ভোটের হিসাব পাল্টে যাবে। তবে দলীয় সম্ভাব্য প্রার্থীদের প্রত্যাশা দল উন্মুক্তভাবে নেতাকর্মীদের নির্বাচন করার সুযোগ দিবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।