শনিবার, জুলাই ২৫, ২০২৬

মহিপুরে ‘রনি স্টোর’-এ দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৮০ হাজার টাকার মালামাল লুট

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: 
পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের থানখোলা স্লুইসগেট এলাকায় ‘রনি স্টোর’ নামের একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র দোকানের তালা ও ছিটকিনি ভেঙে নগদ টাকা, ডিজেল, গ্যাস সিলিন্ডার, ভোজ্যতেলসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানের পরিচালক মো. রনি দফাদার। পরে রাতের কোনো একসময় চোরেরা দোকানের তালা ও ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ক্যাশ বাক্সে থাকা প্রায় ১৫ হাজার টাকা, এক ব্যারেল ডিজেল, একটি গ্যাস সিলিন্ডার, সরিষার তেল, নারিকেল তেল, বিস্কুটের কার্টুন, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক হাওলাদার ও টুকু সরদার মাঠে গরু নিয়ে মাঠে যাওয়ার পথে দোকানের তালা ও ছিটকিনি ভাঙা দেখতে পান। পরে তারা দোকানের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে দোকান মালিককে খবর দেন।
আব্দুল মালেক হাওলাদার বলেন, ‘সকালে মাঠে যাওয়ার সময় দোকানের তালা ও ছিটকিনি ভাঙা দেখতে পাই। পরে কাছে গিয়ে দেখি ভেতরে সব মালামাল এলোমেলো। বিষয়টি সঙ্গে সঙ্গে দোকানের মালিককে জানাই।’
টুকু সরদার বলেন, ‘এলাকায় আগে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এভাবে দোকান ভেঙে বড় ধরনের চুরি উদ্বেগজনক। এলাকায় পুলিশের টহল বাড়ানো প্রয়োজন।’
দোকানের পরিচালক মো. রনি দফাদার বলেন, ‘রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে খবর পেয়ে এসে দেখি দোকানের তালা ভাঙা। ক্যাশের টাকা, ডিজেল, গ্যাস সিলিন্ডার, তেলসহ অনেক মালামাল চুরি হয়েছে। এতে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পরেছি।’
রনি স্টোরের মালিক মো. আলমগীর দফাদার বলেন, ‘সকালে এসে দেখি দোকানের তালা ও ছিটকিনি ভাঙা। ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। নগদ টাকা ও মালামাল মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘চুরির ঘটনার বিষয়ে আপনার কাছ থেকেই জানতে পারলাম। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন

নগরীর এ.কে স্কুলের শিক্ষার্থী রাহাত চৌধুরী অ্যাস্ট্রো অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে লড়বে

মশিউর রহমানঃ নগরীর আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন এর দশম শ্রেণী শিক্ষার্থী মোঃ রাহাত চৌধুরী,  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *