শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেবে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার ও ইউজিসি যৌথভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সরকারি সহযোগিতায় আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রায় ৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আইসিটি, ভাষা ও নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য কমানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ড. আবদুল্লাহ-আল-মামুন আরও বলেন, ‘শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দক্ষতা অর্জনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে তারা ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে। আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকের তরুণরাই। তাই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেই বর্তমান সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এর সভাপতিত্বে সেমিনারে চার শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক, গবেষক, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এবং সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন।

আরো পড়ুন

কুয়াকাটায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি, মার্কেট নিজের দাবী করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : এবার কুয়াকাটা পৌর আওয়ামী লীগ নেতা আবদুল বারেক মোল্লার দখলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *