সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

পায়রা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলী উপজেলার পায়রা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের আনুমানিক ৩০ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা প্রায় এক সপ্তাহ আগে ওই যুবককে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে গেছে এবং শরীরে পোকা ধরে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় স্থানীয়রা তীব্র দুর্গন্ধ টের পান। পরে পায়রা নদীর তীরে গিয়ে একটি বস্তার ভেতরে মরদেহ দেখতে পান। বস্তাটি ছিঁড়ে যাওয়ায় মরদেহের একটি হাত বাইরে বেরিয়ে ছিল এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৭টার দিকে ট্রলারের মাধ্যমে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বস্তা খুলে পচাগলা ও দুর্গন্ধযুক্ত মরদেহ দেখতে পায় পুলিশ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে ওই যুবককে হত্যা করে বস্তায় ভরে পায়রা নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
তিনি আরও জানান, এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *