মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় এক স্কুলছাত্রীর সঙ্গে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত বিদ্যালয় অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
অভিযুক্ত জলিলুর রহমান কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগের পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।
স্থানীয় সূত্র জানায়, অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জলিলুর রহমান ওই ছাত্রীর বাসায় ইংরেজি বিষয়ে ব্যক্তিগতভাবে পড়াতেন। পরে তাদের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় কয়েকজনের দাবি, এর আগেও জলিলুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর গত সোমবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জলিলুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রায় তিন মাস আগে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছিল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।