মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ সংবাদদাতা :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। এ সময় উভয়ে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
সাক্ষাৎকালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শারীরিক সুস্থতার খোঁজখবর নেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর প্রয়াত পিতা ভাষাসৈনিক, সাবেক এমএনএ, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল ইসলাম মঞ্জুরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, নুরুল ইসলাম মঞ্জুর ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালীন সময়ে দক্ষিণাঞ্চলের ৯ নম্বর সেক্টরের বেসামরিক প্রধান হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশের স্বাধীনতা সংগ্রাম ও জনকল্যাণমূলক কাজে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
সাক্ষাতে উপস্থিত ব্যক্তিরা প্রয়াত এই রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মময় জীবন, মুক্তিযুদ্ধে তার ভূমিকা এবং দেশের উন্নয়নে তার অবদানের বিষয়েও আলোচনা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।