মেহেরাব হোসেন রিফাত : দীর্ঘ কয়েকবছর পর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বার্ষিক সাময়িকী অনুরণন এর মোড়ক উন্মোচন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিরতির পর সাময়িকীটি প্রকাশের মধ্য দিয়ে কলেজের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের কেন্দ্রীয় লাইব্রেরির দ্বিতীয় তলায় শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুরণন এর মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশীদ। অনুষ্ঠানের আহ্বায়ক ও অনুরণনের সম্পাদক অধ্যাপক জাবের আহমেদ। সভাপতিত্ব করেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক শিক্ষার্থী ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ বিরতির পর অনুরণন প্রকাশ বিএম কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএম কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, কলেজের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি জাতীয় সংসদেও বিএম কলেজের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরবেন। প্রতিষ্ঠানের যেকোনো যৌক্তিক প্রয়োজনে শিক্ষক শিক্ষার্থীরা তাকে স্মরণ করতে পারেন বলেও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশীদ বলেন, বিএম কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে এ প্রতিষ্ঠানের সঙ্গে তার আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘ সময় পর সাময়িকী প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের চিন্তা, মেধা ও প্রতিভা প্রকাশের জন্য ম্যাগাজিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর জাবের আহমেদ বলেন, দীর্ঘ বিরতির পর অনুরণন প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের একটি সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রকাশনার ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সাময়িকীতে লেখা প্রকাশিত দুইজন লেখক অনুষ্ঠানে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। দীর্ঘ প্রতীক্ষার পর কলেজের বার্ষিক সাময়িকীতে নিজেদের লেখা প্রকাশের সুযোগ পাওয়াকে তারা আনন্দ ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীদের লেখালেখি ও সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহ আরও বাড়বে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, কলেজের ঐতিহ্য ও শিক্ষার্থীদের সৃজনশীলতাকে ধারণ করেই অনুরণন প্রকাশ করা হয়েছে। এবারের সংখ্যায় যাদের লেখা প্রকাশিত হয়নি, তাদের মন খারাপ না করে লেখালেখি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ভালো লেখা ভবিষ্যতের সংখ্যাগুলোতে প্রকাশের সুযোগ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন অধ্যক্ষ।
দীর্ঘ কয়েক বছর পর অনুরণন প্রকাশকে ঘিরে অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাময়িকীতে লেখা প্রকাশিত লেখকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, অনুরণন বিএম কলেজের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতেও নিয়মিত প্রকাশিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সংগীতা সরকার।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।