এস. এম. ইব্রাহীম, কাউখালী: পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপজেলা পরিষদ হল রুমে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাইসুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, মানসিক ও শারীরিক বিকাশের জন্য ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। মাদক ও সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতাগুলো থেকে আগামী দিনের সফল ক্রীড়াবিদ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানের সভাপতি বক্তব্য প্রদানকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, “সকল প্রতিকূলতা অতিক্রম করে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অত্যন্ত চমৎকারভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ও ক্রীড়ানৈপুণ্য সত্যিই প্রশংসনীয়। আগামীতে আমরা আরও বড় পরিসরে ক্রীড়া উৎসবের আয়োজন করার পরিকল্পনা করছি।
প্রতিযোগিতার সাফল্য ও সার্বিক ব্যবস্থার বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, “সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুশৃঙ্খলভাবে চার টি ইভেন্টের খেলা শেষ করা বড় একটি চ্যালেঞ্জ ছিল। সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। প্রতিভাবান খেলোয়াড়দের আমরা জেলা ও বিভাগীয় পর্যায়ের জন্য বিশেষ গাইডলাইন প্রদান করব।
এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দাবা, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার—এ চার ইভেন্টে বালক ও বালিকা পৃথক বিভাগে প্রতিযোগীরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, একাডেমি সুপারভাইজার রিয়াজুল হক, রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ তানভীর আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কিরণ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান এবং প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।