শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

বরিশালে বিসিআইসির সারের বাফার গুদাম উদ্বোধন

আযাদ আলাউদ্দীন ।।
কৃষকদের কাছে সময়মতো ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই গুদাম চালুর ফলে বরিশাল অঞ্চলে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টায় আয়োজিত অনুষ্ঠানে বাফার গুদামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) ও পরিচালক (উৎপাদন ও গবেষণা) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্মসচিব মো. মনিরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মু. খায়রুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান (বিপণন) মো. মঞ্জুর রেজা, বরিশাল বাফার গুদামের ইনচার্জ শাহ আলম গাজী, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মাৎ মরিয়ম, উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিকসহ সার ডিলার, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  বিসিআইসি চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান বলেন, কৃষকদের কাছে সময়মতো এবং সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও সমন্বিত করার লক্ষ্যে বিসিআইসি কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমানে কোথাও সার নিয়ে কোনো সমস্যা বা ঘাটতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সঙ্গে সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে কৃষকদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না করার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের গুদামগুলোতে প্রচুর পরিমাণ সার মজুত রয়েছে। বরিশালে উদ্বোধন করা নতুন বাফার গুদামটির ধারণক্ষমতা ৩ হাজার মেট্রিক টন। এই গুদামের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সার সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। এতে কৃষক পর্যায়ে সারপ্রাপ্তির ক্ষেত্রে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারসংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য যাচাই করে নেওয়া জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হলে কৃষকদের মধ্যে বিভ্রান্তি দূর হবে এবং সার সরবরাহ ব্যবস্থার প্রতি আস্থা আরও বাড়বে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ বলেন, কৃষকদের স্বার্থে সার সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে তা কঠোরভাবে নজরদারি করা হবে। বাফার গুদামের কার্যক্রমের মাধ্যমে বরিশাল অঞ্চলে সার ব্যবস্থাপনা আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পরিচালক (বাণিজ্যিক) ও পরিচালক (উৎপাদন ও গবেষণা) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্মসচিব মো. মনিরুজ্জামান বলেন, বাফার গুদামটি চালুর ফলে প্রয়োজনের সময় সার মজুত করা এবং দ্রুত বিভিন্ন এলাকায় সরবরাহের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহে সমন্বয় আরও বাড়বে এবং সার ব্যবস্থাপনা সহজতর হবে। কৃষি উৎপাদনের সঙ্গে সার সরবরাহ সরাসরি সম্পৃক্ত। তাই কৃষকের স্বার্থে বিসিআইসি, প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সারসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা যাচাই করে গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ রইল।
এ সময় বিভিন্ন সার ডিলার তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। অতিথিরা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

আরো পড়ুন

লালমোহনে  মসজিদ কমিটির আয়োজনে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি : লালমোহনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শবিষয়ক সিরাত প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *