শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

তিন বছরের মধ্যে খানাখন্দ হলে দায় ঠিকাদারের: এমপি জয়নুল আবেদীন

আব্দুল্লাহ আল মামুন , বাবুগঞ্জ : বরিশালের বাবুগঞ্জে রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের আধুনিকায়ন কাজের উদ্বোধন করে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সড়ক নির্মাণকাজের জন্য ১ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর তিন বছরের মধ্যে সড়কে খানাখন্দ সৃষ্টি হলে এর দায় ঠিকাদারকে নিতে হবে।
এ ক্ষেত্রে ঠিকাদারের জামানতও ফেরত দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের বাবুগঞ্জে এ সড়কের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, বিগত ১৭ বছরে বাবুগঞ্জ উপজেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ফলে এ অঞ্চলের মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমান সরকার গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বাবুগঞ্জ ও মুলাদী এলাকার সড়ক যোগাযোগ উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

জয়নুল আবেদীন আরও বলেন, অচিরেই মীরগঞ্জ-মুলাদী সেতুর নির্মাণকাজ শুরু হবে। এ ছাড়া ভবিষ্যতে কেদারপুর–বাবুগঞ্জ সেতু এবং আঙ্গিনগর ইউনিয়ন থেকে কেদারপুর সন্ধ্যা নদীর সংযোগ সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে বরিশালসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।

রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের বিভিন্ন স্থানে ডিবিএস ওয়ারিং কোর্সের মাধ্যমে সারফেসিং, রিটেইনিং ওয়াল নির্মাণ ও স্লোপ প্রোটেকশনের কাজ করা হবে। এসব কাজ সড়কের স্থায়িত্ব বৃদ্ধি এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, আব্দুল করিম হাওলাদার, কাজী নজরুল ইসলাম মিরন, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল ও দুলাল চন্দ্র সাহা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন আলম, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্যসচিব ইয়াসির আরাফাত মিরধা, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ফরিদ হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন

বাবুগঞ্জে ১০ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারদের মতবিনিময় সভা

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে ১০ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও যুগ্নু আহবায়ক  সমন্বয়ে মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *