বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মঠবাড়িয়ায় বাসে বোমা হামলায় বাবুগঞ্জের হেলপার সিয়াম নিহত

বাবুগঞ্জ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে পুড়ে সিয়াম হাওলাদার (২৭) নামে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে। নিহত সিয়াম পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী ‘লোকাল বাহক’ পরিবহনের একটি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো ট্রিপ শেষে মঠবাড়িয়ায় বাসটি পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে পড়েন সিয়াম। বুধবার ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। গভীর ঘুমে থাকায় সিয়াম বাস থেকে বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিয়াম এর পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে সিয়াম ছিলেন বড়। তার ছোট ভাই সিফাত (১৩) স্থানীয় একটি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। ছয় বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সিয়ামের মা। পরে তার বাবা কবির হোসেন শিল্পী বেগমকে বিয়ে করেন। অভাব-অনটনের সংসারে সিয়ামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

ছেলের এমন আকস্মিক মৃত্যুর খবরে ইদিলকাঠী গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। কান্নাজড়িত কণ্ঠে সিয়ামের সৎমা মা শিল্পী বেগম বলেন, ‘আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছিল সিয়াম। ওকে হারিয়ে আমরা এখন পুরোপুরি অসহায় হয়ে পড়লাম।

প্রতিবেশী চাচা সোহেল হাওলাদার বলেন, ‘সিয়াম এলাকার অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সংসারের চরম অনটনের কারণে খুব ছোটবেলাতেই সে সংসারের হাল ধরতে বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়েছিল।’ এদিকে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহত সিয়ামের মরদেহ দাফন-কাফনের সময় এখনো নির্ধারণ করা হয়নি। একজন তরুণ উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

আরো পড়ুন

বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : বরিশালে শেখ ফারহান নাদীম নামে এক বিচারক নিখোঁজ হয়েছেন। তিনি বরিশাল জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *