বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে মাঠ জুড়ে সরিষা ফুলের মৌসুমে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। গত সোমবার উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় সরিষা ক্ষেতের পাশে স্থাপিত মৌমাছির বাক্স ঘুরে দেখেন তিনি এবং মৌচাষিদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি অফিসার মোহা: আব্দুর রউফ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী কাজী আলিমুল আল আলীম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মাঠ পর্যায়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে এখন সরিষা ফুলের সমারোহ। সেই ফুল থেকে মধু সংগ্রহের জন্য ক্ষেতের পাশেই সারিবদ্ধভাবে বসানো হয়েছে শত শত মৌচাকের বক্স। মৌচাষিরা জানান, এই মৌসুমি কার্যক্রমে একদিকে মধু উৎপাদন বাড়ছে, অন্যদিকে সরিষার পরাগায়নও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় চাষিদের ভাষ্য, প্রায় শতাধিক বক্স বসিয়ে মধু সংগ্রহ করা হচ্ছে। অনুকূল আবহাওয়ার কারণে এবার মধু উৎপাদন কিছুটা বেশি। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি মধু সাড়ে তিনশ’ থেকে চারশ’ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিসার মো: আব্দুর রউফ জানান, বাবুগঞ্জ উপজেলায় এবার ৫৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে এবং রাকুদিয়া মাঠে মৌ খামারী মৌচাষ করছে। মৌমাছি পরাগায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং মৌমাছির উপস্থিতি ১৫-২০% পর্যন্ত ফলন বৃদ্ধি করতে পারে। পরিদর্শনকালে ইউএনও আসমা উল হুসনা মৌচাষিদের উৎসাহিত করে বলেন, মৌচাষ ও ফসল উৎপাদনকে সমন্বিতভাবে এগিয়ে নিলে কৃষকদের আয় বাড়বে এবং কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।