নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নগরীর গির্জা মহল্লাস্থ আসমত আলী খান ইন্সটিটিউট (একে স্কুল) অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। তিনি বলেন, দেশে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হলে বাংলাদেশের জনগণ ২১শে ফেব্রুয়ারির মতো আবারও বুক পেতে রুখে দাঁড়াবে। তিনি দাবি করেন, ১৯৫২, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানে জীবনদানের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে—এ দেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। “দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নেওয়ার চিন্তা থাকলে দেয়ালের লিখন পড়তে হবে,” বলেন তিনি। অ্যাডভোকেট হেলাল আরও বলেন, ভাষার জন্য জীবন দিলেও এখনো সব ক্ষেত্রে বাংলা ভাষার কার্যকর ব্যবহার নিশ্চিত হয়নি। উচ্চশিক্ষা ও আদালতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি ভাষার প্রাধান্য জাতি হিসেবে হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। তবে আন্তর্জাতিক যোগাযোগের স্বার্থে অন্যান্য ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কাজে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বহু মানুষ প্রাণ ও অঙ্গহানি স্বীকার করেছে। এত ত্যাগের বিনিময়ে প্রণীত সনদ অস্বীকারের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। জনগণ ভোটাধিকারসহ সব অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকবে বলে জানান। বরিশাল মহানগরীর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, শামীম কবির, মহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি সুলতানুল আরেফিন, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার ও ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।