নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস ভাঙচুর, সরকারি নথিপত্র নষ্ট, বিচারককে ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে বরিশাল আইনজীবী সমিতির ভবন থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার জিআরও এসআই হুমায়ুন বলেন, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও বলেন, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনের পক্ষে জামিনের জন্য প্রার্থনা করলে বিচারক আগামী ২ মার্চ শুনানির জন্য ধায্য রেখেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি একটি মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আদালত বর্জন ঘোষণা করে বিক্ষোভ করেন আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন ও সম্পাদক মীর্জা রিয়াজুল ইসলামসহ অন্য আইনজীবীরা। এ সময় বিচারকদের উদ্দেশে আপত্তিকর স্লোগান ও বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া দুপুর ২টা ৩২ মিনিটের দিকে সভাপতি লিংকনের নেতৃত্বে একদল আইনজীবী অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে প্রবেশ করে শুনানিতে অংশগ্রহণকারী আইনজীবীদের বের হয়ে যেতে বলেন। এ সময় এজলাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়েছে, কিছু আইনজীবী আদালতের কর্মচারীদের ধাক্কা দেন এবং বিচার কার্যক্রমে বাধা দেন।
পরবর্তীতে দুপুর ২টা ৩৯ মিনিটে পুনরায় এজলাসে প্রবেশ করে বেঞ্চ, টেবিল ও মাইক্রোফোন ভাঙচুর, কজলিস্ট ও মামলা রেজিস্টার ছিঁড়ে ফেলা এবং আদালতে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। বিচারককে এজলাস থেকে নেমে যেতে বাধ্য করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সম্পাদক মীর্জা রিয়াজুল ইসলাম, জেলা আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাড. নাজিম উদ্দিন পান্না, সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা মহসিন মন্টু, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. আব্দুল মালেক, অ্যাড. সাঈদ, অ্যাড. হাফিজ উদ্দিন বাবলু, অ্যাড. তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন ও অ্যাড. বসির উদ্দিন সবুজসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামী করে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারী কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামী সবাই বিএনপি নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।
এদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতারের প্রতিবাদে দিনব্যাপি বিক্ষোভ করে সাধারণ আইনজীবীরা। আদালত বর্জন করে বিক্ষোভে যোগ দেয় আইনজীবী সহকারীরাও। এ সময় আদালত কম্পাউন্ড উত্তপ্ত হয়ে ওঠে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ডিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বিকেলে সেনাবাহিনীর সহযোগীতায় সাদিকুর রহমান লিংকনকে কারাগারে প্রেরণ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।