ভোলা প্রতিনিধিঃ
গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ভোলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের সদর রোড প্রদক্ষিণ করে, কালীনাথ বাজার হাটখোলা মসজিদের চত্বরে শেষ হয়। পরে নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকা, দোকানপাট ও লোকালয়ে গিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ সম্বলিত লিফলেট বিতরণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা আরও বলেন, ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং ঘুম কমিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কমিশন বাতিলের উদ্যোগ গ্রহণ জনগণের আশা-আকাঙ্ক্ষার পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাস্টার মোঃ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপির) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান, বিডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, এলডিপির জেলা সভাপতি সাংবাদিক বশির আহমেদ, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা নুরুল হক,এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুঃ মাকসুদুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, পৌর নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।