মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

বরিশালে স্বনির্ভর খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে মহানগর বিএনপির আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খননকৃত স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

শনিবার (১৭ মার্চ) দুপুরে তিনি খননাধীন খালটি পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক, বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে মনিরুজ্জামান খান ফারুক বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘব এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বিভিন্ন স্থানে খাল খননের উদ্যোগ নিয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় চরকাউয়া এলাকায় স্বনির্ভর খালসহ একাধিক খাল খনন করেন। যারফলে হাজার একর জমিতে সবুজ ফসলের আবাদ হয়েছিল। তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে খালটির পুনঃখনন না হওয়ায় কৃষকরা সেচ সংকটসহ নানা সমস্যায় পড়েন এবং এলাকার বিপুল পরিমাণ কৃষিজমি অনাবাদি হয়ে পড়ে। খালটি পুনঃখননের ফলে আবারও কৃষিকাজের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশে খাল পুনঃখননের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের জীবনমান উন্নত হবে। এ সময় তিনি খালের প্রবেশমুখে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ এবং চরকাউয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাপিত বাড়ি সংলগ্ন এলাকায় প্রায় ৫০ ফুট খাল ভরাট করে দখল করা অংশ উচ্ছেদে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

জানা গেছে, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ স্বনির্ভর খালটির মধ্যে ইতোমধ্যে প্রায় ৩ কিলোমিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর অর্থায়নে এবং বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় খালটি পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। গত বছর এ খাল পুনঃখননের কাজ শুরু হয়। খালটির পূর্ণাঙ্গ খনন শেষ হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খালটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দীর্ঘদিন খালে পানি প্রবাহ বন্ধ থাকায় এলাকার হাজার হাজার একর কৃষিজমি অনাবাদি অবস্থায় পড়ে ছিল। এতে অনেক কৃষক পরিবার আর্থিক সংকটে পড়েন। তবে বর্তমানে খাল খননের কাজ এগিয়ে যাওয়ায় কৃষকরা আবারও জমিতে আবাদ শুরু করার আশা করছেন। স্থানীয় একাধিক কৃষক জানান, খালটি পুনঃখনন সম্পন্ন হলে সেচের সমস্যা দূর হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। এতে এলাকার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে তারা আশা করছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আসাদুজ্জামান মারুফ, বিএনপি নেতা মো. আমীর খসরু, সাংবাদিক ও কলামিস্ট মুহম্মদ ইমন খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিক সুলয়মানসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো পড়ুন

বাবুগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে রাইসা ইসলাম নামে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *