বুধবার, জুন ১০, ২০২৬

বরিশালে ৯ দফা দাবিতে ব্যাটারিচালিত শ্রমিকদের সমাবেশ, স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে ব্যাটারিচালিত যানবাহনকে নীতিমালার আওতায় আনা, BRTA স্বীকৃত লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদ।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা শাখার সংগঠক দুলাল মল্লিক। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. মনীষা চক্রবর্ত্তী। এছাড়া বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ক্রীড়া সম্পাদক বেল্লাল গাজী, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শহিদুল ইসলাম, মহসীন মীর, সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আরিফ মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল হোসেন এবং ইজিবাইক সংগ্রাম পরিষদের সংগঠক রমজান আকন।

বক্তারা বলেন, দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন চালু থাকলেও এগুলো এখনো পূর্ণাঙ্গ নীতিমালার আওতায় আসেনি। ফলে চালকদের লাইসেন্স, যানবাহনের নিবন্ধন, রুট পারমিট এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তারা মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড চালুরও দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং ব্যাটারিচালিত যানবাহন নিয়ে আন্দোলনের কারণে বিভিন্ন স্থানে শ্রমিকনেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা বলেন, এই খাতে সরাসরি যুক্ত প্রায় ৬০ লাখ শ্রমিকের আয়ের ওপর নির্ভরশীল প্রায় ৩ কোটি মানুষ।

নেতৃবৃন্দ আরও বলেন, সিটি কর্পোরেশনের স্টিকার দিয়ে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন যান্ত্রিক মান যাচাই, ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) স্বীকৃত লাইসেন্স প্রদান।

তারা জানান, সরকার ইতিপূর্বে ২০১৯, ২০২২ ও ২০২৪ সালে ব্যাটারিচালিত যানবাহন সংক্রান্ত একাধিক খসড়া নীতিমালা প্রণয়ন করলেও সেগুলোর পূর্ণ বাস্তবায়ন হয়নি। সর্বশেষ “বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫” প্রণয়নের প্রক্রিয়ায় সংগঠনের পক্ষ থেকে সংশোধনী প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তারা সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে ব্যাটারিচালিত যানবাহনের জন্য পূর্ণাঙ্গ নীতিমালা চূড়ান্ত ও বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে বৈদ্যুতিক যানবাহনকে উৎসাহিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষা পদক বরিশাল বিভাগীয় বিজয়ীদের পুরস্কার বিতরণ

বরিশালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ এর বিভাগীয় পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *